ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপারেশন শেষে পেটের মধ্যে গজ ও তোয়ালে রেখেই সেলাই করে দিয়েছেন কুমিল্লার একটি হাসপাতালের চিকিৎসকরা।
সোমবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে আবার অপারেশন করে ওগুলো বের করা হয়।
গত ৩ জুলাই কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্তঃসত্ত্বা কোহিনুর বেগমের (২০) অপারেশন হয়।
কোহিনুরের স্বামী আবু রকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ল্যাব এইড হাসপাতালের ডা. খাদেমুল ইসলাম অপারেশন করে তার স্ত্রীর পেট থেকে অপারেশনে ব্যবহৃত গজ, ফিতা ও ছোট তোয়ালে বের করেছেন।
তিনি জানান, গত ৩ জুলাই কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালে কোহিনুরকে ভর্তি করা হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মলিনা রানী কুণ্ডুর তত্ত্বাবধানে ওইদিনই তার সিজার অপারেশনে একটি মেয়ে হয়। কিন্তু এরপর থেকে তার পেটের ব্যথা অব্যাহত থাকে।
ব্যথা নিরাময়ে ডা. মলিনা রানী প্রথমে তাকে অ্যান্টিবায়োটিক দেন। পরে একই হাসপাতালের ডা. মিজানুর রহমান ও আব্দুর রউফ সরকারকে দেখানো হয়। তারা নানা পরীক্ষা নিরীক্ষা করেও কিছু বুঝতে পারেননি।
এরপর রোববার কোহিনুরকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ফোনে ডা. মলিনা রানী কুণ্ডুর কাছে জানতে চাইলে তিনি বলেন, "এ রকম তো হবার কথা নয়। আমি স্যারের সঙ্গে (ডা. খাদেমুল ইসলাম) কথা বলব।"
খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপারেশন করে রোগী রোগী হয়েছে। তবে অপারেশন করে কী বের করা হয়েছে, তা আমি এখন বলবো না। রোগীর রিলিজ অর্ডারে তা লেখা থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24