মৌলভীবাজার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে সোমবার কর্মচারী ও শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
এর জেরে শ্রমিকরা সারাদিন কর্মবিরতি পালন করেছে। তবে মঙ্গলবার থেকে তারা আবার কাজে যোগ দেবে বলে বাগান কর্তৃপক্ষ জানায়।
এক চা শ্রমিকের সন্তান অসুস্থ হলে ওই শ্রমিককে চিকিৎসা সনদপত্র না দেওয়ায় চিকিৎসা কেন্দ্রের কম্পাউন্ডারের সঙ্গে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- কম্পাউন্ডার আব্দুস সামাদ (৩৫), প্রধান করণিক আব্দুল আজাদ (৩৫), সহকারী করণিক সুরঞ্জিত দাস (৩৩), কর্মচারী বিপ্র ধর (৩২) ও চা শ্রমিক হরেন্দ্র বাগতী (৩৪)।
এর মধ্যে আব্দুস সামাদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে নারী শ্রমিক অন্ন বাগতি কম্পাউন্ডার আব্দুস সামাদের বাসায় গিয়ে তার সন্তানের অসুস্থ বলে জানিয়ে 'অসুস্থতার সনদপত্র' চান। কিন্ত কম্পাউন্ডার তা না দিলে ওই মহিলা ঘটনাটি তার স্বামীকে জানান।
এর জেরে তার স্বামী আরো কয়েকজন শ্রমিকসহ কম্পাউন্ডারের বাসায় গিয়ে তাকে মারধর করে। প্রতিবেশীরা এগিয়ে এলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এদিকে ওই কম্পাউন্ডারের প্রত্যাহারের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে।
সাতগাঁও চা বাগানের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে চা বাগানের শ্রমিক পঞ্চায়েত নেতাদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বাগান কর্তৃপক্ষের বৈঠক হয়। তাদের বিষয়টি নিয়ে পরে বৈঠক হবে বলে আশ্বাস দিলে তারা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24