২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বদলীয় কমিটিতে জামায়াতকে রাখা হবে না

সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে জামায়াতে ইসলামীকে রাখা হবে না বলে জানিয়েছেন চিফ হুইপ আব্দুস শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 04:15 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে জামায়াতে ইসলামীকে রাখা হবে না বলে জানিয়েছেন চিফ হুইপ আব্দুস শহীদ। সোমবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, "আগামী ২২ জুলাইয়ের মধ্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে।" প্রস্তাবিত কমিটিতে প্রধান বিরোধী দলের একজনসহ মোট ১৫ জন সদস্য থাকবে জানিয়ে তিনি বলেন, "কমিটিতে বিএনপি'র একজন সদস্য থাকবে। জামায়াত বিএনপি'রই অংশ।" তিনি জানান, কমিটিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো থেকেও প্রতিনিধি থাকবে। সচিবালয় সূত্র জানায়, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী সর্বদলীয় কমিটির নেতৃত্বে থাকতে পারেন। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে সংবিধানের পঞ্চম সংশোধনী 'বেআইনী' ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায় কার্যকর করতে সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদনের জন্য তা পরবর্তী কয়েক বছর স্থগিত রাখা হয়। গণতন্ত্র রক্ষায় সংবিধানের পঞ্চম সংশোধনী অপরিহার্য বলে দাবি করছে প্রধান বিরোধী দল বিএনপি। কিন্তু এই সংশোধনীকে 'বেআইনী ও অসাংবিধানিক' আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার তিন মাস পর একই বছরের ৩ নভেম্বর ক্ষমতায় আরোহণ করেন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান। এর কিছুদিনের মধ্যেই তিনি সংবিধানে মৌলিক পরিবর্তন আনেন। এই সংশোধনের মধ্যে দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীকে সহায়তাকারী এ দেশীয় দোসররা রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পায়। সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে সাংসদদের দুই তৃতীয়াংশের সম্মতি লাগে। সংবিধানে জিয়াউর রহমান 'সমাজতন্ত্র' শব্দটি বাদ দিয়ে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' অন্তর্ভুক্ত করেন। এছাড়া তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলী আদালতে চ্যালেঞ্জ করার উপরও নিষেধাজ্ঞা জারি করেন। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করা হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/জিএনএ/২২১১ ঘ.