২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়িক কারণে চৌধুরী আলম নিখোঁজ হতে পারে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এর নির্বাচন অথবা ব্যবসায়িক কারণে ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা চৌধুরী আলম নিখোঁজ হয়ে থাকতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এর নির্বাচন অথবা ব্যবসায়িক কারণে ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা চৌধুরী আলম নিখোঁজ হয়ে থাকতে পারেন। তিনি বলেন, "চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে স্যাবোটজ হতে পারে। এছাড়া ব্যবসা-বাণিজ্য নিয়েও এ ঘটনা ঘটতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই সবকিছু নির্দিষ্ট করে বলা যাবে।" স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সোমবার এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চৌধুরী আলমের 'নিখোঁজ' হওয়ার ঘটনা অনুসন্ধান করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সোমবার পুলিশের মহাপরিদর্শক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে নূর মোহাম্মদ বলেন, তার (আলম) নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তদন্ত শেষ করেই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। গত ২৫ জুন ফার্মগেট ইন্দিরা রোডের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চৌধুরী আলমকে ধরে নিয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা একাধিকবার সংবাদ সম্মেলন করে র‌্যাব চৌধুরী আলমকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। র‌্যাব অবশ্য দাবি করছে তারা চৌধুরী আলমকে আটক করেনি। বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৬৩০ ঘ.