ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ অমান্য করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ এবং ডাক ও টেলিযোগাযোগ সুচিব সুনিল কান্তি বোসের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার গোবিন্দ্র চন্দ্র ঠাকুর বেসরকারি ল্যান্ডফোন কম্পানি র্যাংকসটেলের এক আবেদনে এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে বলেছে আদালত।
র্যাংকসটেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট আনিসুল হক ও সাখাওয়াত হোসেন।
বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা ই রাকিব।
র্যাংকসটেলের লাইসেন্স থাকবে কি না সে বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে গত ১১ মে বিটিআরসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। ওই নির্দেশে র্যাংকসটেলের লাইসেন্স বাতিল করা হলে সেক্ষেত্রে একজন প্রশাসক নিয়োগ করার কথাও বলা হয়।
তবে আদালতের ওই নির্দেশ অনুযায়ী বিটিআরসি প্রশাসক নিয়োগ না করায় র্যাংকসটেল আদালতে একটি রিট আবেদন দায়ের করে।
আদালত বলে, ছয় মাস বা র্যাংকসটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসক তার দায়িত্ব পালন করবেন।
গত ১৮ মার্চ বিটিআরসি র্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৫২৩ ঘ.
bdnews24