ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কাঁচ এবং সিলিকেট কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন মজুরি কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড।
প্রস্তাবিত খসড়া কাঠামোতে শ্রমিক-কর্মচারীদের মূল বেতন তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দুটি উৎসব ভাতাই বাদ দেওয়া হয়।
রোববার ন্যূনতম মজুরি বোর্ডের সচিব মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এ খসড়া প্রস্তাবটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়।
মো. গিয়াস উদ্দিন জানান, প্রস্তাবিত খসড়া মজুরি কাঠামোতে বিভাগীয় শহর ও অন্য এলাকার শ্রমিকদের সুযোগ-সুবিধার মধ্যে পার্থক্য রয়েছে। কারণ, বিভাগীয় শহর ও অন্য এলাকার জীবনযাত্রার মান সমান নয়।
মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই এ খসড়াটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে বলে তিনি জানান।
প্রস্তাবিত খসড়া মজুরি কাঠামোতে গ্লাস ও সিলিকেট কারখানার বিভাগীয় শহরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মূল বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা বাড়ি ভাড়া (মূল বেতনের ৫০ শতাংশ), ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে।
বিভাগীয় শহরের বাইরের এলাকায় কর্মরত শ্রমিকদের অন্যান্য সুযোগ-সুবিধা বিভাগীয় শহরের মতোই থাকবে। তবে বাড়ি ভাড়া হবে এক হাজার ২০০ টাকা (মূল বেতনের ৪০ শতাংশ)।
এছাড়া ২০০৬ সালের শ্রম আইনের ১০৮ ধারা অনুযায়ী এসব শ্রমিক-কর্মচারীকে আট ঘন্টা নির্দিষ্ট কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা এবং ২(১০) ধারা অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24