চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নগরীর চাঁনমারী রোডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবে রোববার সন্ধ্যায় র্যাব সদস্যরা গিয়ে শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছে।
বাড়ির মালিকের সঙ্গে ক্লাবের সদস্যদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত দাবি করা হয়।
রাতে এক লিখিত বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক সাহেদ বিন সাদিক জানান, সন্ধ্যা ৭টায় র্যাব সদস্যরা ক্লাবে এসে তাদের কাছে ক্লাব ঘরের ভাড়া সংক্রান্ত বিষয়ে জানতে চান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে কোনো কিছু না জানিয়ে ক্লাবে র্যাব প্রবেশের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি এ ঘটনার ক্ষোভ ও নিন্দা জানান। তদন্তও দাবি করেন।
বিশ্ববিদ্যালয় ক্লাবের পক্ষে অধ্যাপক সাহেদ বিন সাদিকও একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম র্যাব-৭ এর প্রধান কর্মকর্তা (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লাবের বকেয়া বাড়িভাড়া ও চুক্তি সংক্রান্ত বিষয়ে বাড়ির মালিকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব বিষয়টি তদন্ত করতে ক্লাবে যায়। এলাকার আইনশৃঙ্খলার অবনতি না হওয়ার বিষয়টি চিন্তা করে সেখানে যাওয়া হয়।
খুলশী থানার ওসি ইফতেখার হোসাইন জানান, বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় ক্লাব কর্তৃপক্ষ ও বাড়ির মালিক থানায় জিডি করেছিল। তবে রোববার সন্ধ্যায় র্যাব প্রবেশের বিষয়টি তাদের জানা নেই।
বাড়ি ভাড়ার বিষয়ে অধ্যাপক সাদিক জানান, এ জায়গাটা বিশ্ববিদ্যালয় ক্লাব আগে কিনতে চেয়েছিল। কিন্তু বাড়ির মালিক বিক্রি করেননি। তবে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভাল জায়গা পেলে তারা ছেড়ে দেবেন বলে জানান। কিন্তু বাড়িঅলা তাদের সময় না দিয়ে র্যাব নিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/০০০৬ ঘ.
bdnews24