২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গুপ্ত হত্যা, হেফাজতের নামে নির্যাতন চলছে'

দেশে এখন গুপ্ত হত্যা এবং রাজনৈতিক নেতাদের হেফাজতের নামে অমানবিক নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এখন গুপ্ত হত্যা এবং রাজনৈতিক নেতাদের হেফাজতের নামে অমানবিক নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রোববার সুপ্রিম কোর্ট বার ভবনের শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মাহবুব হোসেন বলেন, "দেশে এখন গুপ্ত হত্যা চলছে। মাহমুদুর রহমান ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের রিমান্ডের (হেফাজত) নামে অমানবিক নির্যাতন করা হচ্ছে। এমন কি আদালতে জামিন নেওয়ার পরও অনেককে গ্রেপ্তার করা হচ্ছে।" চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম এখনো নিখোঁজ রয়েছেন। এর কোনো দায়-দায়িত্ব নিচ্ছে না সরকার।" এ সরকার আসার পর গত জুন মাস পর্যন্ত ৮৪ জন লোক আইনশৃঙ্খলা বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে মাহবুব হোসেন বলেন, "যে সরকার আইনের শাসন রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না; সেই ব্যর্থ সরকারকে দেশ পরিচালনায় জনগণ আর দেখতে চায় না।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক বদরুদ্দোজা বাদল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/২৩০৫ ঘ.