২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার: ট্রাইব্যুনালের কার্যবিধি তৈরি

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল, ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনাল অফিসের জন্য কার্যবিধি তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল, ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনাল অফিসের জন্য কার্যবিধি তৈরি করা হয়েছে। গত ১৫ জুলাই এ কার্যবিধি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে বলে জানান আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম। তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠিত হয় চলতি বছরের ২৫ মার্চ। এর ১'শ ২ দিন পর এ কার্যবিধি তৈরি হলো। শাহিনুর ইসলাম বলেন, "মানবাধিকার এবং আর্ন্তজাতিক অপরাধ সংক্রান্ত আদালতের মান নিশ্চিত করার লক্ষ্যেই এ কার্যবিধি তৈরি করা হয়েছে। এছাড়াও কার্যবিধি তৈরির ক্ষেত্রে মূল আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে।" তিনি আরও বলেন, "মূল আইনে যেসব বিষয় স্পষ্ট নয়, সেসব এই বিধিতে স্পষ্ট করা হয়েছে।" ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে ভবিষ্যতে এই বিধিমালা সংশোধন, পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করতে পারবে। তিনি আরও জানান, এই কার্যবিধি এখন ইংরেজিতে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি বাংলায় প্রকাশ করা হবে। শাহিনুর ইসলাম বলেন, "আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুলের বিচারকক্ষে ১১০ জন ব্যক্তির বসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাংবাদিকদের প্রবেশে আগে থেকে অনুমতিপত্র নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/১৯৫৬ঘ.