২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ব্যর্থতার জন্য সরকারই দায়ী: কাদের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও পর্যটন করপোরেশনের ব্যর্থতার জন্য সরকারের ব্যবস্থাপনার দুর্বলতাকেই দায়ী করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও পর্যটন করপোরেশনের ব্যর্থতার জন্য সরকারের ব্যবস্থাপনার দুর্বলতাকেই দায়ী করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। রোববার রাজধানীতে 'বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতের ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে মন্ত্রী বলেন, "বিমান ও পর্যটন কর্পোরেশনের ব্যর্থতার পেছনে রয়েছে সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতা। বিমানে সংস্কার দরকার, যেভাবে চলছে সেভাবে চলা উচিত নয়।" তিনি জানান, বিমানে প্রয়োজনের তুলনায় শ্রমশক্তি বেশি এবং সময়মতো পরিবর্তন-পরিবর্ধন করা হয় না। প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিমানের কার্যকারিতা বাড়াতে খুব শিগগিরই পুঁজি বাজারে শেয়ার ছাড়া হবে। বিমানের বর্তমান অবনতিশীল অবস্থার জন্য বিগত বছরগুলোতে কিছু 'স্বার্থান্বেষী মহলের' শোষণ নীতিকেও দায়ী করেন তিনি। গোলাম মোহাম্মদ কাদের বলেন, "আমরা ওই সব প্রভাব দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।" এ বছরের মধ্যে সিলেট বিমান বন্দরে জ্বালানী সরবারাহে অবকাঠামো স্থাপন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরো জানান, কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যন্ত এবং কুয়াকাটাকে অন্তর্ভুক্ত করে পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে পর্যটন বিষয়ক একটি মাস্টার প্ল্যান করা হবে। ডিসিসিআই সভাপতি আবুল কাশেম বলেন, "আকাশ ভ্রমণের ৮০শতাংশ আয়ই এখন বিদেশী কোম্পানিগুলোর দখলে, যা বিমানের ব্যর্থতাকেই প্রমাণ করে।" বাংলাদেশে আকাশ পরিবহণে বছরে গড়ে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ব্যবসা হয়। সেমিনারে বক্তারা বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে একটি নতুন নীতিমালা গঠনের আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরএন/জেবি/এসএএ/১৭৫৪ঘ.