২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বৈঠক শুরু

সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা সমমানের সদস্যদের ষষ্ঠ বৈঠক ঢাকায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 09:05 AM

Updated : 25 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা সমমানের সদস্যদের ষষ্ঠ বৈঠক ঢাকায় শুরু হয়েছে। রোববার রাজধানীর হোটেল শেরাটনে দু'দিন ব্যাপী এ বৈঠকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার বিভিন্ন ক্ষেত্র যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং সামাজিক বিজ্ঞান ক্ষেত্রগুলো একই মানের করার আহ্বান জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলার, ফেলো আদান-প্রদান এবং একই রকম সাংস্কৃতিক এবং শিক্ষাগত প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "উচ্চ শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। এতে নিত্যনতুন উপাদান যুক্ত হয়।" তিনি উচ্চ শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর তথ্য প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সামাজিক বিজ্ঞানসহ বেশ কয়েকটি বিষয়কে একই মানের করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি করার লক্ষ্যে বাজেটে বরাদ্দ আরো বাড়ানোর আহ্বান জানান। সার্ক সচিবালয়ের পরিচালক আর ডি রাজাপাকশে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষাঙ্গনের পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ উচ্চ শিক্ষার মান বৃদ্ধির চেষ্টা করছে। প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত জাতীয় শিক্ষানীতি কার্যকর করার মধ্যে এই মান বৃদ্ধির চ্যালেঞ্জটি নিহিত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৪৫৭ ঘ.