২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানকৌড়ি শিকার করায় আদালতের দুই কর্মচারি আটক

বিপন্ন প্রজাতির পানকৌড়ির ১১টি বাচ্চা ধরে জবাই করার সময় এলাকাবাসীর হাতে আটক হন বাগেরহাট জেলা আদালতের দুই কর্মচারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

বাগেরহাট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিপন্ন প্রজাতির পানকৌড়ির ১১টি বাচ্চা ধরে জবাই করার সময় এলাকাবাসীর হাতে আটক হন বাগেরহাট জেলা আদালতের দুই কর্মচারি। বাগেরহাটের জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন পুরাতন কোর্ট চত্ত্বরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী মোবাইল ফোনে ঘটনাটি সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দোকে জানায়। তিনি এসে পানকৌড়ির সাতটি জবাই করা, তিনটি মৃত ও একটি জীবিত বাচ্চা উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পানকৌড়ির বাচ্চা ধরে জবাই করার সময় বাগেরহাট জজ কোর্টের জারিকারক সরোজ বিশ্বাস (৪৮) এবং মনি শেখ (৪০) কে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ওই দুই জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বাগেরহাট জেলা প্রশাসকের সরকারি বাসভবন ও সংলগ্ন পুরাতন কোর্ট এলাকা জুড়ে গত এক যুগ ধরে পাখির একটি অভয় আশ্রম গড়ে উঠেছে। এখানকার আম, জাম, নারকেল, মেহগনি, কৃষ্ণচূড়া ও শিরিশসহ বিভিন্ন গাছে সহস্রাধিক পানকৌড়ি ও বকসহ বিভিন্ন প্রজাতি বাস করে। আটক হওয়ার পর সরোজ বিশ্বাস দাবি করেছেন, বাগেরহাট জেলা ও দায়রা জজের নির্দেশে তিনি পুরাতন কোর্ট চত্বরে নারকেল গাছ থেকে নারকেল সংগ্রহ ও পানকৌড়ি পাখি ধরতে এসেছিলেন। মনি শেখ জানান, জেলা ও দায়রা জজের অনুমতি নিয়ে জজ কোর্টের নাজির শেখ মো. জাকারিয়া তাদের এ কাজে পাঠান। বাগেরহাট জজ কোর্টের নাজির শেখ মো. জাকারিয়া ঐ দুই কর্মচারির দাবি অস্বীকার করেন। তিনি বলেন, তাদের নারকেল পাড়তে পাঠানো হয়েছিল, পাখী ধরতে পাঠানো হয়নি। ঘটনাস্থলে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ আলী আকবর। শহরের স্টাফ কোয়ার্টার এলাকার অধিবাসী জাহাঙ্গীর শেখ বলেন, এটা নির্মম ঘটনা। এভাবে পাখির বাচ্চা ধরে কেউ জবাই করতে পারে, ভাবাই যায় না। এদের কঠোর শাস্তি হওয়া উচিত। বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি বাগেরহাটের জেলা ও দায়রা জজ জি এম সালাহউদ্দিনকে অবহিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়নি। মৃত বাচ্চাগুলোকে বন বিভাগের কার্যালয়ের মাঠে পুতে ফেলা হয়েছে। আর জীবিত পাখিটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বাগেরহাটের জেলা ও দায়রা জজ জি এম সালাহউদ্দিন শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এ ধরণের অমানবিক কাজের নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি মেরে ফেলা পাখিগুলো দেখেছি। ঐ দুই কর্মচারি নিজেদের পিঠ বাঁচানোর জন্য আমার নাম ব্যবহার করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯১৭ঘ.