সিরাজগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুর দখল নিয়ে শনিবার সিরাজগঞ্জের তাড়াশে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে জাহেদুল (২৮), ফরহাদ হোসেন (১২), শারমিনা (৮), বেল্লাল হোসেন (৩০), রজুবা খাতুন (৩০), লাবু (২৬), আবু বক্কর (২৮), সেরাজ (৩৫), গোলবার হোসেন (৩২) ও মরিয়ম খাতুনকে (৫৫) সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার সরাপপুর গ্রামের একটি খাস পুকুর নিয়ে কয়েক বছর ধরে এলাকার ভুমিহীন আসাব আলী ও জোতদার নিজাম উদ্দিনের মধ্যে বিরোধ চলছে।
এ ব্যাপারে একটি মামলার রায় পেয়ে আসাব গ্র"পের লোকজন সকালে পুকুরটি দখল করতে গেলে নিজামের লোকজন বাধা দেয়।
এক পর্যায়ে উভয়পক্ষ তীর-ধনুক, কোচ, টেটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু'টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
প্রায় একঘণ্টা পর পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাড়াশ থানার ওসি মো. আতাউর রহমান জানান, পরিস্থিতি মোটামুটি শান্ত। উভয়পক্ষই নতুন করে মামলার প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.
bdnews24