রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর মোহনপুর উপজেলার টাঙ্গন বড়াইল গ্রামে বুধবার রাতে এক গৃহবধু খুন হয়েছেন।
নিহত শাহানারা বেগম টাঙ্গন গ্রামের মফিজ উদ্দিনের প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে মফিজ পলাতক রয়েছেন।
শাহানারাকে তার স্বামী মফিজ এবং সতীন সাবিনা মিলে হত্যা করেছে বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
পুলিশ সাবিনাকে গ্রেপ্তার করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান।
তিনি বলেন, বেশ কয়েক বছর আগে মফিজের সঙ্গে বাগমারা উপজেলার মুগইপাড়া গ্রামের শাহানারার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহানারাকে মফিজ মারধর করতেন।
যৌতুকের জন্য দুই বছর আগে মফিজ নওগাঁর সাপাহার এলাকার সাবিনাকে বিয়ে করেন। শাহানারার সঙ্গে সাবিনার বনিবনা ছিলো না।
বুধবার রাতে মফিজ ও সাবিনা মিলে শাহানারাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। আহতবস্থায় শাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিল তারা দুজন। বড়াইল উচ্চ বিদ্যালয়ের কাছে আসার পর শাহানারা মারা যান। লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় জনতা সাবিনাকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ শাহানারার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহদের বড় ভাই আনসার আলী বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ সাবিনাকে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মফিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই সাইদুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24