বগুড়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) বিভিন্ন এনজিও ও সরকারি প্রতিষ্ঠানে বোমা হামলার পরিকল্পনা করেছিলো বলে জানিয়েছে পুলিশ।
এর জন্য তারা এক হাজার বোমা তৈরিরর পরিকল্পনা করেছিলো। বোমা বানানোর জন্য বগুড়াকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছিলেন জেএমবি'র বর্তমান প্রধান ভাগ্নে শহীদ।
পুলিশ হেফাজতে পাঁচদিন জিজ্ঞাসাবাদের প্রথমদিন বৃহস্পতিবার ভাগ্নে শহীদ এসব তথ্য দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবির।
গত সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের ছিলিমপুরে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাস থেকে আনোয়ার আলম খোকন ওরফে ভাগ্নে শহীদ ওরফে নাজমুলকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় জেএমবির রাজশাহী বিভাগীয় প্রধানসহ আরো পাঁচজনকে।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে ভাগ্নে শহীদ বলেছেন- ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সারা দেশে বোমা হামলার জন্য বোমা তৈরির সিদ্ধান্তটি পরে বাতিল করা হয়।
শহীদ জানান, দলে কয়েকজন বিশ্বঘাতক রয়েছে- এমন সন্দেহে পরিকল্পনাটি তারা বাতিল করা হয়েছিলো।
জেএমবির আমির (বর্তমানে গ্রেপ্তার) মাওলানা সাইদুরের নির্দেশে ভাগ্নে শহীদ বগুড়া শহরের উপ-শহর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেখানে তিনি আরোও পাঁচজন নিয়ে থাকতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
বোমা তৈরির সব সরঞ্জামও তারা বগুড়া শহরের ওই বাড়িতে নিয়ে এসেছিলো। বেশ কিছু বোমা তৈরির পর হঠাৎ মাওলানা সাইদুরের নির্দেশেই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়।
জিজ্ঞাসাবাদে ভাগ্নে শহীদ আরো জানিয়েছেন- জেএমবি আফগানিস্তানের তালেবান জঙ্গিদের আদর্শ মনে করে। এ কারণে আফগানিস্তানের ধরনে দেশে গুপ্ত হামলা চালানোর জন্য প্রশিক্ষণ নিয়েছে তারা।
পুলিশ সুপার বলেন, ভাগ্নে শহীদ খুব চতুর। মিথ্যা তথ্য দিয়ে তিনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে।
বিগত নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে জেএমবি'র পরিকল্পনার বিষয়টি পুলিশ জানতে পেরেছিলো বলে তিনি জানান।
আগেরদিন পুলিশ সুপার হুমায়ন কবির জানিয়েছিলেন, দশ বছরের একটি পরিকল্পনা নিয়ে জেএমবি জঙ্গিরা তৎপরতা চালিয়ে আসছে। তারা রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ ১২ জনের 'হিট লিস্ট' তৈরি করেছে। তবে 'হিট লিস্টে' কারা রয়েছেন সেটা তিনি জানাননি।
পুলিশ কর্মকর্তা বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের সঙ্গে মিলিয়ে এবং ভাগ্নে শহীদসহ গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদ শেষ করে এ বিষয়ে নিশ্চিত হয়ে বলা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জানান, স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেপ্তার জেএমবির পাঁচ নেতাকে এখনো জিজ্ঞাসাবাদ শুরু করেনি পুলিশ।
বুধবার তাদের পুলিশ হেফাজতে রেখে চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
এরা হলেন- রাজশাহীর বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক, গাইবান্ধার জেলার দায়িত্বে নিয়োজিত গিয়াস উদ্দিন ওরফে রাসেল, এহসার সদস্য শাকিল, আব্দুল মজিদ ও আনোয়ার হোসেন ওরফে আর্মি আনোয়ার।
গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকালে গাইবান্ধা সিভিল সার্জন এর কার্যালয়ে তাদের নেওয়া হয়েছিলো। কিন্তু গভীর রাত পর্যন্ত সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম কার্যালয়ে না আসায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়নি।
এ কারণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেনি।
গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ড গঠন করে স্বাস্থ্য পরীক্ষার আদেশ দিয়েছে আদালত। কিন্তু তাদের বুধবার সন্ধ্যায় আনায় ওইদিন পরীক্ষা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24