ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে নিজস্ব জমির ওপর একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী ফাউন্ডেশন।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস্ এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এইচ এন আশিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটামকে বলেন, এটি একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হবে। ২১ বিঘা জমির উপর ২৫০ শয্যার এই হাসপাতালটির নাম হবে- বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়্যাল হাসপাতাল।
নার্সিং ইন্সটিটিউটের নামও বঙ্গবন্ধু'র স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে করা হবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল বোর্ড অব গভর্নরসের প্রথম বৈঠক।
বৈঠকে ফাউন্ডেশরে চেয়ারম্যান শেখ হাসিনা নিজে এ হাসপাতাল নির্মাণের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সদস্যরা তা সমর্থন করেন।
সাভারের নবীনগরে ফাউন্ডেশনের জমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়্যাল ট্রাস্টের কাছে হস্তান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।
বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, দলের ৭২টি সাংগঠনিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এরা সবাই আওয়ামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য।
প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানাও বৈঠকে উপস্থিত ছিলেন।
১৯৯৪ সালে আওয়ামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০১০১ ঘ.
bdnews24