কিশোরগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে হাওরে ট্রলারডুবিতে একমাত্র নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া গেছে।
বুধবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে নিকলী উপজেলার পূর্বগ্রাম বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু বাক্কারের (৫৫) বাড়ি করিমগঞ্জ উপজেলার চারিবাড়িয়াম গ্রামে।
গত সোমবার রাতে ৪৩ জন যাত্রী নিয়ে মিটামইন উপজেলার হাসানপুর গ্রামের কাছে ঢুবি হাওরে ট্রলারটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ থাকেন। তার খোঁজে মঙ্গলবার সারাদিন স্থানীয়ভাবে উদ্ধার তৎপড়তা চলে।
মিটামইন থানার উপ-পরিদর্শক সমরেন্দ্র দত্ত জানান, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত মালবোঝাইয়ের কারণেই ট্রলারটি ডুবে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24