খুলনা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার গ্রেপ্তার করা জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ তাদের জামিন আবেদন নাকচ করে দেনে।
একই সঙ্গে আদালত অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৯ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
দ্রুত বিচার আইনের মামলায় খুলনা মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ ৪৭জনের বিরুদ্ধে আদালতে সোমবার অভিযোগপত্র দেওয়া হয়।
খুলনা সদর থানার ওসির দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মামুন খান জানান, জামায়াতের শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে গত ৩০ জুন নগরীর ডাকবাংলো মোড়ে শিবির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ সময় শিবির কর্মীরা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। এতে খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গিয়াস, এসআই আব্দুর রহিম, এএসআই শহীদুল ইসলাম ও কনস্টেবল শরীফুল ইসলাম আহত হন।
ওসি মামুন জানান, এ ঘটনায় খুলনা থানার এসআই রেজাউল করিম বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড়শ' জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24