২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে অষ্টম ওয়েজ বোর্ড: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার প্রয়োজন হলে সরকার যথাসময়ে তা বিবেচনা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার প্রয়োজন হলে সরকার যথাসময়ে তা বিবেচনা করবে। তিনি বলেন, "বর্তমান সরকার সংবাদপত্রের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠিত একটি ত্রি-পক্ষীয় টিম প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে। এক্ষেত্রে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার প্রয়োজন হলে যথাসময়ে সরকার তা বিবেচনা করবে।" বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ আনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয় বিকাল ৪টা ১০ মিনিটে। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট নির্ধারিত ছিলো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য। প্রধানমন্ত্রী আরো বলেন, সংবাদপত্র শিল্পের সুষ্ঠু বিকাশে সরকার ইতোমধ্যে বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা জারি করেছে। এর মধ্যে সরকারি বিজ্ঞাপন হার আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। সাংসদ আনোয়ার হোসেনের আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ৬ষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন যেসব সংবাদপত্র করেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের অবকাশ নেই। কারণ ২০০৮ সালের ২৬ ফেব্র"য়ারি সরকার সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের পর ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের কার্যকারিতা আর নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এমএসবি/১৮৪০ ঘ.