২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা

মগবাজারের সিএনজি অটোরিকশা ব্যবসায়ী বাবুল গাজীকে হত্যার অভিযোগে রমনা থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারের সিএনজি অটোরিকশা ব্যবসায়ী বাবুল গাজীকে হত্যার অভিযোগে রমনা থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে। নিহত বাবুল গাজীর (৪০) স্ত্রী নাছিমা আক্তার শুভ বুধবার মহানগর হাকিম আদালতে এই মামলাটি করেন। শুনানি শেষে বিচারক মেহেদী হাসান তালুকদার ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এছাড়া আগামী ১৬ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মামলার আসামিরা হলেন- রমনা থানার ওসি শিবলী নোমান, উপ-পরিদর্শক আলতাফ, কনস্টেবল সিরাজ, হিরণ ও নান্নু এবং পুলিশের সোর্স শাহাদাত ও আনিসুর রহমান। মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুন রাতে বাবুল গাজীকে মগবাজার টিঅ্যান্ডটি কলোনির একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় রমনা থানা পুলিশ। এরপর মগবাজার টিঅ্যান্ডটি কলোনি আনসার ক্যাম্পে নিয়ে তার ওপর নির্যাতন চালায় তারা। সেখানে উপপরিদর্শক আলতাফ হোসেন আটক বাবুল গাজীকে বলেন, "তোর একটি সিএনজি অটোরিকশা আমরা আটক করেছি দু'জন চালকসহ। চুরির মামলা দিয়েছি তোর চালকদের বিরুদ্ধে।" এ সময় আলতাফ অটোরিকশাটি ছাড়িয়ে নেওয়ার বিনিময়ে বাবুল গাজীর কাছে দ'ুলাখ টাকা দাবি করেন। এতে বাবুল রাজি না হলে আলতাফ বলেন, "সিএনজি তো পাবি-ই না; দু'জন চালককেও ফেরত পাবি না। চালক মমিন ও করিমের সঙ্গে তোকেও ওই মামলায় ঢুকিয়ে দেব।" অভিযোগে আরো বলা হয়, উপপরিদর্শক আলতাফ এবং কনস্টেবল সিরাজ, হিরণ ও নান্নু তাকে (বাবুল) লাঠি দিয়ে পিটিয়ে এবং বুট দিয়ে নির্যাতন চালায়। ওইদিন রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাওয়া যায়। বাদীর আইনজীবী রুহুল আমিন তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ব মানবাধিকার ও ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে তিনি এ মামলায় লড়ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/আরএ/ডিডি/১৯৫০ ঘ.