২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুদিনের পরিবহন ধর্মঘটের ডাক

কার্যালয় দখলমুক্ত করাসহ ১৫ দফা দাবিতে চট্টগ্রামে আগামী ১৮ ও ১৯ জুলাই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 09:04 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যালয় দখলমুক্ত করাসহ ১৫ দফা দাবিতে চট্টগ্রামে আগামী ১৮ ও ১৯ জুলাই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ১৮ জুলাই ভোর ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর চট্টগ্রামের ৩৬টি রুটে এবং ১৯ জুলাই সকাল-সন্ধ্যা বৃহত্তর চট্টগ্রামে এ ধর্মঘট পালন করা হবে। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ফটিকছড়িতে চট্টগ্রাম জেলা কার- মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলমুক্ত করার পাশাপাশি পুলিশের চাঁদাবাজি ও রিকুইজিশন বাণিজ্য বন্ধ, নতুন বাস টার্মিনাল নির্মাণ, নিবন্ধন ছাড়া গজিয়ে ওঠা বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের কার্যক্রম বন্ধ করাসহ ১৫ দফা দাবিতে এই ধর্মঘট। গত বছরের ২৮ জানুয়ারি ফটিকছড়ি উপজেলায় অবস্থিত ফেডারেশনের আওতাধীন শ্রমিক ইউনিয়ন কার্যালয়টি দখল করে নেয় স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ ইসমাইল ও তার অনুগত শ্রমিকরা। সংবাদ সম্মেলনে শ্রমিকনেতা মৃণাল চৌধুরী বলেন, "কার্যালয়টি দখলের পর আমরা গত দেড় বছরে তা দখলমুক্ত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ধরনা দিলেও কোনো কাজ হয়নি।" "১৫ দফা দাবিতে ধর্মঘট হলেও আমাদের মূল দাবি শাখা কার্যালয় দখলমুক্ত করা", বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অলি আহামদ ও যুগ্ম সম্পাদক মো. মুছা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৫০১ ঘ.