ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের সবার কাছে তথ্য প্রযুক্তি সুবিধা পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (আরডিসিডি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন, সরকারের দিন বদলের সনদ বাস্তবায়নে দেশের সমবায়ীসহ সাধারণ মানুষের দোর গোড়ায় তথ্য প্রযুক্তি সুবিধা পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে।
এজন্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ইতোমধ্যেই স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আইসিটি কার্যক্রম শুরুর মাধ্যমে এ বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার নাগরিক সেবা দ্রুত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে।
পরে প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের 'লোকাল এরিয়া নেটওয়ার্ক' (ল্যান) এবং বিভাগের কার্যক্রম সংক্রান্ত প্রদর্শনী বোর্ড উদ্বোধন করেন।
এখন থেকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যাবতীয় তথ্য িি.িৎফপফ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুগ্ম-সচিব আবদুল মান্নান ও কৌশল্যা রাণী বাগচী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/২৩১২ ঘ.
bdnews24