২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবার যমুনার আটাচর বন্যা নিয়ন্ত্রণ পুরাতন বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

বগুড়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবার যমুনার আটাচর বন্যা নিয়ন্ত্রণ পুরাতন বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া যমুনার পানি বৃদ্ধি ও ভাঙনের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ি স্পার ও নতুন বাঁধটি হুমকির মুখে পড়েছে। যমুনা নদীর পানি এখন বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে। বগুড়া পাউবো'র উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল হক জানান, মঙ্গলবার সকাল ৬টায় আটাচর বন্যা নিয়ন্ত্রণ পুরাতন বাঁধের প্রায় ২০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নতুন বাঁধের ভেতরে অবস্থিত শহড়াবাড়ি, চুনিয়াপাড়া, আটাচর ও বালিয়াহাটা গ্রাম প্লাবিত হয়েছে। যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক নদী ভাঙন দেখা দেয়। গত তিনদিন ধরে নদীতীর ভাঙছে বলে তিনি জানান। পাউবো কর্মকর্তা জানান, ওইসব গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় লোকজন শহড়াবাড়ি স্পার ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। তিনি আরো বলেন, শহড়াবাড়ি স্পারের ২৮০ মিটারের মধ্যে ৮০ মিটার ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। পাউবো সিসি ব্লক ও বালি ভর্তি জিও ব্যাগ ফেলে স্পারের ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.