২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধানসহ গ্রেপ্তার ৬, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান আনোয়ার আলম খোকন ওরফে ভাগ্নে শহীদ ওরফে নাজমুলকে (৩০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 01:50 PM

বগুড়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান আনোয়ার আলম খোকন ওরফে ভাগ্নে শহীদ ওরফে নাজমুলকে (৩০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির আরো পাঁচ সদস্যকে। উদ্ধার করা হয় বেশ কিছু বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই। সোমবার সন্ধ্যায় বগুড়া-রংপুর বাইপাস সড়কের সিলিশপুর এলাকায় একটি ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস থেকে শহীদকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার অপর ছয়জন হলেন-জেএমবি'র উত্তরবঙ্গের প্রধান শফিকুল ইসলাম ওরফে জামাই রফিক ওরফে হাসান (২৮), গাইবান্ধা জেলার প্রধান গিয়াসউদ্দিন ওরফে রাসেল (২৫), এহসার সদস্য শাকিল (২২), মো. আব্দুল মজিদ (৫০), মো. আনোয়ার হোসেন ওরফে আর্মি আনোয়ার (৪৮)। মঙ্গলবার বিকালে বগুড়ার পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, শহীদ জেএমবি'র শুরা সদস্য ও বর্তমানে সাংগঠনিক প্রধান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান পাড়ার একটি ভাড়া বাাড়ি থেকে জেএমবির উত্তরাঞ্চলের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও জেমবি'র সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪০ ঘ.