২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ-আখাউড়া সড়ক তৈরি করবে ভারত

কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ বন্দর এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া হয়ে ত্রিপুরা যাতায়াতের প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 10:24 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ বন্দর এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া হয়ে ত্রিপুরা যাতায়াতের প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করবে ভারত। ভারতীয় কর্তৃপক্ষ কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথ খনন (ড্রেজিং) এবং আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার উন্নত সড়ক তৈরি করবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রাজিত মিত্তার মঙ্গলবার সচিবালয়ে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন। পরে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে আশুগঞ্জ বন্দর ব্যবহার ও নৌপথ খননসহ চট্টগ্রাম ও মংলা বন্দরের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, ভারতীয় কর্তৃপক্ষ ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। এজন্য তারা অনেক সরঞ্জাম সেখানে নিবে। আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ওভার ডাইমেনশন কনসাইনমেন্ট (ওডিসি) সেখানে নিতে হবে। তিনি বলেন, "এসব ভারি সরঞ্জাম নেওয়ার জন্য উন্নত সড়ক প্রয়োজন। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রাস্তা তাদেরই তৈরির প্রয়োজন হবে। ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান এ ধরণের প্রায় ৪০ কিলোমিটার রাস্তা তৈরি করবে।" এছাড়াও বাংলাদেশে নতুন অবতরণ কেন্দ্র (ল্যান্ডিং স্টেশন) স্থাপন এবং কন্টেইনার জেটি নির্মাণের বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি। নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। পরে শিপিং, কমিউনিকেশনস এন্ড ট্যুরিজম রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের (এসসিটিআরএফবি) নবগঠিত কমিটির সদস্যরা নৌ-পরিবহণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৬১৭ ঘ.