বগুড়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সোমবার রাতে রাস্তায় গাছ ফেলে বাস, ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতি হয়েছে।
ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে।
এ ব্যাপারে কোচ যাত্রী আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস দুপচাঁচিয়া উপজেলার লাল ব্রিজ নামক স্থানে পৌঁছলে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখে থেমে যায়।
এরপর রাস্তার দুই পাশে আরো চলন্ত বাস, ট্রাক ও মাইক্রোবাস থেমে যায়। এ সময় ডাকাতরা তিনটি বাস, ৪/৫ টি ট্রাক ও মাইক্রোবাসের যাত্রীদের অস্ত্রের মুখে নগদ আনুমানিক ১০ লাখ টাকা, মহিলা যাত্রীদের স্বর্ণালংকার, মালামাল ও মোবাইল ফোন নিয়ে যায়।
বাস যাত্রীরা জানান, ডাকাতরা সংখ্যায় প্রায় ২০ জন ছিল। তারা সবাই মুখোশ পড়া ছিল।
দুপচাঁচিয়া থানার ওসি মোজাম্মেল হক জানান, রাস্তায় গাছ কেটে ফেলে রেখে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তবে টহল পুলিশের অভিযানের মুখে তা ব্যর্থ হয়। যাত্রী ও পুলিশের ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুনছুর (৪৬) নামে একজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৪৩০ঘ.
bdnews24