২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংকসটেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত

বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি র‌্যাংকসটেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 01:44 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি র‌্যাংকসটেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে লাইসেন্স ও তরঙ্গ বাতিলের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানাতে সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ র‌্যাংকসটেলের জনৈক ল্যান্ডফোন গ্রাহক আজগর আলীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ পাঁচজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১০ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অবৈধ ভিওআইপি ব্যবহারের অভিযোগে র‌্যাংকসটেল, পিপলসটেল, ওয়ার্ল্ডটেল, ন্যাশনাল টেলিকম ও ঢাকা ফোনের লাইসেন্স ও তরঙ্গ বাতিল করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদনটি দায়ের করা হয়। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। আদেশের পর নজরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১০ মের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হলেও হাইকোর্টের আদেশ শুধুমাত্র র‌্যাংকসটেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ র‌্যাংকসটেল নিয়েই আবেদনকারী রিট আবেদনটি দায়ের করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এইচএ/২৩০০ ঘ.