২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি প্রধান সাইদুর ৪ দিনের রিমান্ডে

জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

ঢাকা,জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত নাশকতামূলক কাজে সম্পৃক্ততার অভিযোগে কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে হেফাজতে নেওয়ার অনুমতি দেন। আদালতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান সাইদুরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম কামরুন্নাহার রুমী চারদিনের হেফাজত মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, গত ২৩ মে সাইদুরের নেতৃত্বে জেএমবি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশে বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে কদমতলীর একটি বাড়িতে সভা করছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘেরাও করলে নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ওই ঘটনায় তারা নিজেরাও আহত হয়। আবেদনে আরো বলা হয়, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া এই মামলার এজাহারভুক্ত আসামি আবু বকর সিদ্দিকের কাছ থেকে সাইদুরের সম্পৃক্ততা এবং তার নেতৃত্বের বিষয়টি জানা যায়। গত ২৪ মে সাইদুর এবং তার স্ত্রী জেএমবি সদস্য আয়েশা আক্তারকে রাজধানীর দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির রসদ, গ্রেনেড তৈরির ম্যানুয়াল, আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদী বইপত্র উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপরিদর্শক শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে সাইদুরকে জুনের প্রথম সপ্তাহে কদমতলী থানার অন্য একটি মামলায় ১৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/২১০৯ ঘ.