ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজি প্রেসের আরেক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে নগদ ২৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল জলিল (৪০) বিজি প্রেসের ফর্মা প্র"ফ প্রেসম্যান হিসেবে কর্মরত আছেন।
সোমবার দুপুরে তেজগাও শিল্পাঞ্চলের বিজিপ্রেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জলিলও জড়িত। প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে পাওয়া অর্থ তার কাছে রাখা হয় বলে জলিল দাবি করেন।
সন্ধ্যায় জলিলকে তেজগাও শিল্পাঞ্চল থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
তেজগাও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির সাংবাদিকদের জানান, "এদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা করে আসছে। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও এরা জড়িত বলে আমরা ধারণা করছি।"
এ ঘটনায় জড়িত অভিযোগে রোববার সরকারি কর্ম কমিশনের কর্মচারী আব্দুর রউফ ও বিজি প্রেসের উপ-পরিচালক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগের দিন লাবনী বেগম নামের বিজি প্রেসের এক বাইন্ডারকেও গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যমতে জলিলকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি পর্যটন কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/২০০০ ঘ.
bdnews24