২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই খোলা বাজারে চাল বিক্রি

দেশে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকার শিগগিরই খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 01:46 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকার শিগগিরই খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী পবিত্র রমজানের আগেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার দুইদিনব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে 'খাদ্য নিরাপত্তা নীতি গবেষণা' বিষয়ক এ কর্মশালার আয়োজন করে। খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "খাদ্য নিরাপত্তা বিষয়ক এ কর্মশালায় আমাদের খাদ্য সংকট মোকাবেলা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় নিয়ে আলোচনা ও কৌশল নির্ধারণ করা হবে। আমরা এমন এক সময়ে এ পরিকল্পনা করতে যাচ্ছি, যখন পৃথিবীর অনেক দেশে খাদ্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে।" তিনি বলেন, "বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। যা ভবিষ্যতে বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করতে পারে। এজন্য আমরা আমাদের কৌশলও পরিবর্তন করেছি।" খাদ্য মন্ত্রী বলেন, "আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির দিকে জোর দিতে হবে। কারণ, অনেক সময় টাকা থাকলেও খাদ্য পাওয়া যায় না। ২০০৭ ও ২০০৮ সালে আমরা দেখেছি, আমাদের হাতে টাকা আছে কিন্তু আমরা খাদ্য কিনতে পারছি না। আমরা আগাম খাদ্য আমদানির বিষয়েও গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, "এ বছর চালের পরিবর্তে গম দিয়ে ভিজিএফ, টিআর ও কাবিখার মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চালের ওপর চাপ কমে যাবে। তারপরও সরকার চার থেকে পাঁচ লাখ টন চাল আমদানি করবে। যাতে আগামী অক্টোবর ও নভেম্বরে চালের সংকট মোকাবেলা করা যায়।" বাজারে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কথা অস্বীকার করে মন্ত্রী বলেন, "চালের দাম অনেকটা বেড়েছে, এটা সত্য। তবে তা অস্বাভাবিক নয়। দেশে মানুষের বেতন বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। এছাড়া প্রতিবেশি দেশে চালের দাম অনেক বেশি। তাই কমদামে চাল খাওয়ানোও সম্ভব নয়।" খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মির্জা ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন এফএও প্রতিনিধি এড স্পাইকার্স, মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি, ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি ব্রায়ান ফোরে, ইউএসএআইডি'র ভারপ্রাপ্ত মিশন ডাইরেক্টর ডেনিস শর্মা, এফএও সদর দপ্তরের পরিচালক কোস্টাস স্ট্যামুল্লো, এনএফপিসিএসপি'র চিফ টেকনিক্যাল এডভাইজার সিরো ফিওরল্লো এবং এফপিএমইউ'র পরিচালক রুহুল আমীন তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭১৮ ঘ.