ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শওকত মোস্তফার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন খাদ্য ও চিনিকল কর্পোরেশনের পরিচালক পদে নিয়োজিত যুগ্ম-সচিব জসিম উদ্দিন আহমেদ।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া আরো কিছু পদে রদবদল করা হয়েছে।
এর মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য পদে কর্মরত যুগ্ম-সচিব গোলাম মো. জহিরুল আলমকে শিক্ষা মন্ত্রণালয়ের এসটিইসি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব বেগম মাহমুদা শারমিন বেনুকে রাষ্ট্রপতির কার্যালয়ে এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব সাহান আরা বানুকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শওকত মোস্তফা রংপুরের বিভাগীয় কমিশনার পদে যোগ দিতে আগ্রহী না হওয়ায় তার এ নিয়োগ আদেশ বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০০ ঘ.
bdnews24