ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ বছরের শিশুকে ১৯ বছর দেখিয়ে মামলা করায় থানার ওসি ও মামলার বাদিকে তিরস্কার করেছে হাইকোর্ট।
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান ভূঁইয়া ও মামলার বাদি স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলীকে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য আদালত সতর্কও করে দেয়।
হাইকোর্ট অবশ্য ১২ বছরের ওই শিশু আরিফকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে।
রোববার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আব্দুল হাফিজের বেঞ্চ এ আদেশ দেয়।
গত ২৭ মে ঢাকা ক্যাডেট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরিফসহ ২১ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলী।
গত ১০ জুন হাইকোর্ট এ মামলায় শিশু আরিফ, তার বাবা ও বড় ভাইসহ ১৮ জনকে আগাম জামিন মঞ্জুর করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইদ্রিস আলীর বিরুদ্ধে আদালত ওইদিন স্বপ্রণোদিত রুল জারি করে।
আদালতের নির্দেশে তারা ৫ জুলাই হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
আরিফসহ আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল মান্নান মোহন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24