২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিভ্রান্তি ছড়িয়ে নারীদের সন্ত্রাসে জড়ানো হচ্ছে'

'স্বার্থ হাসিলের' জন্য বিভিন্ন গোষ্ঠী ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে নারীদের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

ঢাকা জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্বার্থ হাসিলের' জন্য বিভিন্ন গোষ্ঠী ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে নারীদের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে নারী সমাজকে এগিয়ে আসারও আহবান জানান। রোববার দুপুরে বায়তুল মোকাররম অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, "স্বার্থ হাসিলের জন্য আমাদের সমাজে ইসলামের নাম ব্যবহার করে হত্যা, সন্ত্রাস ও বোমাবাজী করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী। তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। "জনগণের অসচেতনতার সুযোগে এই গোষ্ঠী ইসলামের নামে, জিহাদের নামে নারীদের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত করছে। তাদেরকে জঙ্গি সংগঠনের কাজে লাগাচ্ছে।" এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, নারী সমাজকেই এ বিষয়ে মূল ভুমিকা রাখতে হবে। তিনি নারীদের সতর্ক করে দিয়ে বলেন, এসব জঙ্গীগোষ্ঠিীর অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা আপনাদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সংসদ সদস্য সাফিয়া খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গর্ভনর র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মহাপরিচালক শামীম মো. আফজাল প্রমুখ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহিলা বিষয়ক কো-অর্ডিনেটর কামরুননেছা মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেবি/এইচএ/১৮১৬ ঘ.