হবিগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
নিহত কটু মিয়া (৫০) চারগাঁও গ্রামের বাসিন্দা।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারগাঁও গ্রামের কটু মিয়া ও রহিম উল্লাহর মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিলো। এরই জের ধরে রোববার সকাল ১১টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে কটু মিয়া নিহত হন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫৫ ঘ.
bdnews24