২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজী সড়কে শুক্রবার রাতে গাছ ফেলে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 01:38 PM

নওগাঁ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজী সড়কে শুক্রবার রাতে গাছ ফেলে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের হামলায় আওয়ামী লীগের তিন নেতাসহ সাতজন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে ১৫/২০ জনের সশস্ত্র একদল ডাকাত একটি রিকশাভ্যানের চালক ও এক যাত্রীকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর ১টার দিকে তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, যুবলীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান ও শ্রমিক লীগ কর্মী খাজামুদ্দিন খাজার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। তারা মটর সাইকেলে কের মহাদেবপুর থেকে মাতাজীহাটে যাচ্ছিলেন। ডাকাতরা মাতাজী থেকে মহাদেবপুরমুখী দুটি ট্রাক আটক করে চালক ও সহকারীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে আহতদের ডাকাতরা একটি ট্রাকে তুলে দিয়ে মহাদেবপুরের দিকে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে হাসানুজ্জামান বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা করেছেন। ওসি নূর ইসলাম আরো জানান, রাতে মহাদেবপুর-ছাতুনতলাহাট সড়ক ও মহাদেবপুর-নজিপুর সড়কে পুলিশের কোনো টহল না থাকায় এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৫৪ ঘ.