২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

বগুড়া শহরে শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

বগুড়া, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত এরশাদ আলীর (২২) বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানার গরেয়া গ্রামে। তিনি বগুড়ার সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজে ম্যানেজমেন্ট বিভাগে সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন শহরের জহুরুল নগর পপি কটেজ ছাত্রাবাসে। বগুড়া রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের জামিলনগর রেলগেটে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে সকাল ৭টার দিকে এরশাদ আলীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। পপি কটেজ ছাত্রাবাসের সরকারি আযিযুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অশোক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদ সকালে প্রাইভেট পড়তে পুরান বগুড়ায় যায়। সকাল সাড়ে ৭টায় তার ফোন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানান, এরশাদ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তিনি বলেন, ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে এরশাদের মোবাইল ফোন ও কাগজপত্র দেখে তার বাড়িতে খবর দেওয়ার কথাও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩০১ ঘ.