জয়পুরহাট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তিবদ্ধ সব চালকল মালিকদের ১ জুলাই ঘোষিত কেজিপ্রতি ৩ টাকা হারে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি।
সরকারকে আগামীকাল শনিবার পর্যন্ত সময় বেঁেধ দিয়ে সংগঠনটি বলেছে, এ সময়ের মধ্যে দাবি না মানা হলে পরদিন রোববার থেকে দেশের সব সরকারি খাদ্য গুদামে অনিদির্ষ্টকাল চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
এতেও যদি দাবি মানা না হয় তাহলে কল মালিকরা কঠোর কর্মসূচি দেবেন।
শুক্রবার বিকালে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সংগঠনটি এই ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির আহবায়ক ও জয়পুরহাটে চালকল মালিক (মিলার) সমিতির সভাপতি কে এম লায়েক আলী।
এতে অভিযোগ করা হয়, খাদ্য সংগ্রহ অভিযানের শুরু থেকেই চালকল মালিকরা স্বেচ্ছায় সরকার নির্ধারিত দরে চাল সরবরাহে রাজি ছিলেন না। কারণ ওই দরে সরকারি গুদামে চাল সরবরাহে তারা আর্থিকভাবে ক্ষতির সন্মুখীন হচ্ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সরকার প্রতি কেজি ধানের দাম ১৭ টাকা নির্ধারণ করলেও চালের দাম ২৮ টাকার স্থলে ২৫ টাকা নির্ধারণ করেছিলো। ধান-চালের অনুপাত অনুযায়ী সরকারি মূল্য নির্ধারণের ক্ষেত্রে অসঙ্গতি ছিলো বলেও দাবি করা হয়।
গত ১ জুলাই সরকার অতিরিক্ত চাল সংগ্রহের লক্ষ্যে কেজিপ্রতি চালের সংগ্রহ মূল্যে ৩ টাকা প্রণোদনা (ইনসেনটিভ) ঘোষণা করেছে। এতে আগে যারা লোকসানের ভয়ে চাল সরবরাহ করেনি, এখন তারাই লাভবান হবে।
অপরদিকে ঘোষিত নীতিমালা অনুযায়ী আগের চুক্তিবদ্ধ চালকল মালিকরা কার্যত বঞ্ছিত হবেন। অথচ ক্ষতিগ্রস্ত হওয়া চালকল মালিকরাই এই প্রণোদনা পাওয়ার দাবিদার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহন পাটওয়ারী, ঠাকুরগাঁওয়ের মাহমুদ হাসান রাজু, লালমনিরহাটের এসএ হামিদ বাবু, নওগাঁর চালকল মালিক সমিতির সভাপতি কাজী আবু তালেব ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম কাজল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24