২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফেরি আটকা, হাজরা চ্যানেলে চলাচল বন্ধ

মাওয়া-কাওড়াকান্দি নৌপথের হাজরা চ্যানেলে ডুবোচরে আবারো একটি ফেরি আটকা পড়েছে। শুক্রবার দু'বার পদ্মার ডুবোচরে ফেরি আটকা পড়ার ঘটনা ঘটলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 03:55 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

মাদারীপুর/মুন্সীগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাওয়া-কাওড়াকান্দি নৌপথের হাজরা চ্যানেলে ডুবোচরে আবারো একটি ফেরি আটকা পড়েছে। শুক্রবার দু'বার পদ্মার ডুবোচরে ফেরি আটকা পড়ার ঘটনা ঘটলো। সকালে পদ্মা পার হওয়ার সময় আড়াআড়ি হাজরা চ্যানেলে আটকা পড়ে রো রো ফেরি ভাষা শহীদ বরকত, শাহ মখদুম ও কে টাইপ একটি ফেরি। এর মধ্যে বরকত কাওড়াকান্দি থেকে মাওয়া এবং বাকি দুটি মাওয়া থেকে কাওড়াকান্দি যাচ্ছিল। এ ঘটনায় বিকাল সোয়া চারটা পর্যন্ত চ্যানেল দিয়ে ফেরি চলাচল বন্ধ ছিলো। পরে ফেরি তিনটি উদ্ধার করে পারাপার স্বাভাবিক করা হয়। সন্ধ্যা ৬টার দিকে ফেরি বরকত কাওড়াকান্দি ঘাট থেকে আটটি যাত্রীবাহী বাসসহ ২০টি যানবাহন নিয়ে মাওয়া যাওয়ার পথে কাঁঠালবাড়ি টার্নিংয়ের ডুবোচরে আবার আটকা পড়ে। ফেরিটিতে পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। ফেরিটির মাস্টার ইনচার্জ আব্দুল মান্নান সাড়ে ৭ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষ দিক নির্দেশক সঠিকভাবে না লাগানোয় ফেরিটি ডুবোচরে আটকে পড়েছে। উদ্ধারকারী জাহাজ এসে উদ্ধার কাজ চালাচ্ছে। কাওড়াকান্দি ঘাটের বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে ৩০টি যানবাহন নিয়ে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায় রো রো ফেরি বরকত। প্রায় একই সময়ে মাওয়া থেকে ৩০টি গাড়ি নিয়ে রো রো ফেরি শাহ মখদুম ও ১০ টি গাড়ি নিয়ে একটি কে টাইপ ফেরি রওনা করে। ফেরি তিনটি সকাল ৮টার দিকে হাজরা চ্যানেলে পৌঁছলে নতুন করে জেগে ওঠা ডুবোচরে আটকে যায়। এরপর রুটটি দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে দু'পারে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিকেল ৪টার দিকে উদ্ধারকারী আইটি জাহাজ ফেরিগুলো উদ্ধার করার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মাওয়া-হাজরা-কাওড়াকান্দি আড়াআড়ি চ্যানেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাওয়া থেকে কাওড়াকান্দি রুটের ফেরিগুলো এখন সাত কিলোমিটার ঘুরে আগের মাওয়া-মাগুরখন্ড-নাওডুবা-হাজরা-কাওড়াকান্দি চ্যানেল হয়ে বিকল্প পথে চলাচল করছে। এ কারণে পারপারে আগের চেয়ে এক থেকে সোয়া ঘণ্টা বেশি সময় লাগছে। আগে পারাপারে সময় লাগতো এক ঘণ্টা ২০ মিনিটের মত। আড়াআড়ি হাজরা চ্যানেলে মাওয়া থেকে কাওড়াকান্দির দূরত্ব ছিল ১৪ কিলোমিটার। এখন বিকল্প চ্যানেলে সাত কিলোমিটার ঘুরে কাওড়াকান্দির দূরত্ব দাঁড়িয়েছে ২১ কিলোমিটার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএিম) আশিকুজ্জামান জানান, মাওয়া-হাজরা-কাওড়াকান্দি চ্যানেলটির মুখ বন্ধ হয়ে গেলেও ছোট ফেরি চলাচল করতে পারবে। কিন্তু রো রো ফেরিসহ বড় ও মাঝারি আকারের ফেরি বিকল্প চ্যানেল দিয়ে চলবে। বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের মেরিন কর্মকর্তা আব্দুল সোবহান জানান, বালুভর্তি একটি ট্রলার সকালে হাজরা চ্যানেলের মুখে আটকে যাওয়ার পর স্রোতের সঙ্গে আসা পলি জমে চ্যানেলের মুখ বন্ধ হয়ে যায়। এ কারণে চারটি ফেরি আটকা পড়েছিলো। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। মাওয়া চৌরাস্তা থেকে যানজট ৩ কিলোমিটার দূরের শ্রীনগর উপজেলার দোগাছি বাজার পর্যন্ত গিয়ে ঠেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৭৪৯ ঘ.