ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
নবগঠিত কমিটি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমিটির সমর্থক কর্মীদের সঙ্গে বিদ্রোহীদের কর্মীদের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়।
এরপর দুই গ্র"পের সমর্থকরা ক্যাম্পাসের পাশের মুধপুর ও গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় আরো অন্তত ১৮ জন।
পুলিশ বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালিয়ে সাত ছাত্রকে আটক করা হয়। অন্যদিকে সড়ক অবরোধের ঘটনায় আটক করা হয় আটজনকে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমান ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. মাহবুবুল আরফিন জানান, পরিবেশ স্বাভাবিক রাখতে নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24