গাইবান্ধা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আরো একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ নিয়ে এক মাসের বেশি সময়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া (১৯) সাদুল্লাপুর উপজেলার কিশামত বাগচি গ্রামের আব্দুল গণির ছেলে।
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা শুক্রবার দুপুর ৩টার দিকে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করে বলে জানিয়েছেন ওসি হাসান ইনাম।
তিনি সাংবাদিকদের জানান, গত ২৬ মে উপজেলার কিশামত বাগচি গ্রামের মোকছেদুল হাসান ওরফে মুকুল মণ্ডলের বাড়িতে আল্লাহর দলের ১৫/১৬ জন সদস্য গোপন বৈঠক করার সময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে।
পরে তাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাঁধে। এতে আহত হন মোসলেম উদ্দিন নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্য। ঘটনার পর মুকুল ও হজরত আলী নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এতে ক্ষুব্ধ আল্লাহর দলের সদস্যরা ২৮ মে পাশের হিয়ালি গ্রামের রেজাউল ও সামছুলকে কয়েকবার মোবাইল ফোনে ফোন করে দুই গ্রাম উড়িয়ে দেওয়ার হুমিক দেয়।
এ ঘটনায় আহত মোসলেম সাদুল্লাপুর থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
এরপর মো. জাকির হোসেন আংগুর ও মোহাম্মদ জুল হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24