২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্রোহের অভিযোগ গঠন ৬ মার্চ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হবে আগামী বছরের ৬ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হবে আগামী বছরের ৬ মার্চ। বৃহস্পতিবার সকালে সাতকানিয়ার ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪ এই দিন ধার্য করে। পরে ৬ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করা হয়। সকাল ৯টায় আসামি ১৫৩ বিডিআর সদস্যকে আদালতে হাজির করার পর বিচার কাজ শুরু হয়। বুধবার এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ট্রেনিং সেন্টারের নায়েক সুবেদার শরীফুল ইসলাম। মামলার প্রসিকিউটর মেজর মুহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিচার কার্যক্রম শুরুর পর ১৫৩ জন আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। আদালত অভিযোগ গ্রহণ শেষে সকাল ১১টার দিকে আগামী বছরের ৬ মার্চ পর্যন্ত বিচার কাজ মুলতবি ঘোষণা করে। আদালতের আদেশে বলা হয়, ওইদিনই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক। এছাড়া বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম ও অ্যাডভোকেট হাবীবুর রহমান বিচার কাজে সহায়তা করেন। বিচার কাজ শেষে ১৫৩ বিডিআর সদস্যকে চট্টগ্রাম কারাগালে পাঠানো হয়। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদস্য দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে এই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা প্রাণ হারান। পরদিন বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টার ও স্কুলের কিছু বিডিআর সদস্য। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে করা রাষ্ট্রদ্রোহের মামলায় ১০০ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে মারা যান। এদের মধ্যে থেকে ৭৫ জনকে বিডিআর আইনে বিচারের সম্মুখীন করা হয়েছে। এছাড়া নতুন করে অভিযুক্ত হওয়া ৭৮ জনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। বিডিআর বিদ্রোহের বিচারে সরকার গত বছরের ১৫ নভেম্বর ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এর মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, রাঙামাটি ও ফেনীতে বিদ্রোহ মামলার রায়ে বেশকয়েকজন বিডিআর সদস্যকে সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিদ্রোহের সময় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১০৫ ঘ.