ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর আবুল কালাম আজাদকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
এছাড়া অবসরপ্রাপ্ত সচিব এবিএম নূর উজ জামানকে দুই বছরের জন্য লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা কয়েকটি আদেশে বৃহস্পতিবার এসব নিয়োগ ও রদবদল করা হয়।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর এম ফারুককে প্রত্যাহার করে নৌ-বাহিনীতে ফেরত পাঠানোর জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ফজলুর রহমান নিয়োগ পেয়েছেন এনএসআই'র পরিচালক পদে।
ওদিকে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক পদে কর্মরত উপসচিব গৌতম আইচ সরকারকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৫৮ঘ.
bdnews24