২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় চট্টগ্রামের মেয়র আহত

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 04:57 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘীর মোড়ের কাছে তার পাজেরো জিপটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সামান্য আহত হন। মনজুরের মেজো ছেলে সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, "দুর্ঘটনার পর বাবাকে বাসায় নিয়ে আসা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।" দুর্ঘটনার পর মেয়র মনজুরকে তার প্রোটোকলের গাড়িতে করে চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে তিনি জানান। বৃহস্পতিবার ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিলো বন্দরনগরীর নতুন এই মেয়রের। গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে হারিয়ে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন বিরোধী দল বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলম। ওই নির্বাচনে বিজয়ের পর বৃহস্পতিবারই প্রথম রাজধানীতে যাচ্ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/১০৪৯ ঘ.