ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জেরে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরো এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গ্রেপ্তার এনায়েতুল্লাহ শিমুল ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র। থাকেন শহীদ সালাম বরকত হলে। তিনি ছাত্রলীগের সভাপতি গ্র"পের কর্মী।
এ নিয়ে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্রকে গ্রেপ্তার করা হলো। গত সোমবার গভীর রাতে সাভার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের চারটি হলে তল্লাশি চালিয়ে ১৫ ছাত্রকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, পেটে গুলির সামান্য আঘাত নিয়ে শিমুল মঙ্গলবার ঢাকা মেডিকেলে ভর্তি হন। বুধবার দুপুর ২টার দিকে ছাড়া পেলে হাসপাতাল ফটক থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের জেরে রাতে আল বেরুনি, শহীদ সালাম বরকত, বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমান ও আফম কামাল উদ্দিন হলে তল্লাশি চারিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে সাভার পুলিশ।
ওই ঘটনায় ১৭ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বহিষ্কারও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/ডিডি/এইচএ/১৮৪৩ ঘ.
bdnews24