ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নদী ভাঙনে বছরে গড়ে প্রায় ৬ হাজার হেক্টর জমি বিলীন হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য জানান ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান এম এ কাশেম।
সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভলেপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) তাদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে।
'ওয়াটারসেড ম্যানেজমেন্ট ফর রুরাল ডেভলেপমেন্ট এন্ড পোভারটি অ্যালিভিশন ইন সিরডাপ মেম্বার কানট্র্রিজ' শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম এ কাশেম।
তিনি বলেন, "প্রতিবছর প্রায় ১২০০ কিলোমিটার নদী তীর নদী গর্ভে চলে যায়। এর ফলে বছরে গড়ে প্রায় ৬ হাজার হেক্টর জমি বিলীন হচ্ছে।"
"নদী ভাঙনই হচ্ছে পল্লী অঞ্চলের মানুষের ভূমিহীন হওয়ার অন্যতম প্রধান কারণ।"
তিনি বলেন, "দেশের সীমানার বাইরে থেকে ৯৪ শতাংশ পানি নদীতে প্রবেশ করে। এর মধ্যে ভারত থেকে ৬৪ ভাগ, চীন থেকে ১৮ ভাগ, নেপাল থেকে ৯ ভাগ এবং ৩ ভাগ পানি ভুটান থেকে আসে।"
উজান থেকে আসা এ পানির কারণে দেশে বন্যা দেখা দেয়।
এ সমস্যা সমাধানে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সিরডাপের মহাপরিচালক দূর্গা পি পদিয়াল বলেন, "সিরডাপ তার সদস্য দেশগুলোতে পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে সদস্য দেশগুলোর মধ্যে নদীর পানিবন্টন ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা করতে সেমিনারের আয়োজন করা হয়েছে।"
সেমিনারে বক্তব্য রাখেন সিরডাপের প্রোগ্রাম অফিসার (রিসার্চ) এস এম এ খান, পরিচালক (প্রশিক্ষণ) এস কে সিং, ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর এস আই খান প্রমুখ।
১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ প্রতিষ্ঠা হয়। বর্তমানে ১৫টি দেশ এ সংস্থাটির সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৮৩৫ ঘ.
bdnews24