লালমনিরহাট, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদিত তামাক কেনার দাবিতে সোমবার তামাক চাষিরা লালমনিরহাট-বুড়িমারী সড়ক অবরোধ করেছে।
সড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় সকাল ১০টা থেকে দুই ঘণ্টার এই অবরোধকালে কৃষকরা তামাকে আগুন দিয়ে প্রতিবাদ জানায়।
তামাক চাষি স্বার্থ সংগ্রাম কমিটি'র ডাকে অবরোধে এক হাজারেরও বেশি কৃষক এতে অংশ নেয়।
এ সময় সমাবেশে কয়েকজন কৃষক তাদের বক্তব্যে বলেন, তামাক ক্রয়কারী কোম্পানিগুলো তামাক কেনা বন্ধ করে দেওয়ায় কৃষকরা উৎপাদিত তামাক নিয়ে চরম বিপাকে পড়েছে।
তারা অবিলম্বে তামাক কেনার দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, জাহেদুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।
এদিকে সোমবার সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক ক্রয়কারী কোম্পানিগুলোর প্রতিনিধি, তামাক চাষিদের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কৃষকদের কাছ থেকে তামাক কেনার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোম্পানিগুলোকে চাপ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক মোকলেছার রহমান সরকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24