ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন আবারো পিছিয়েছে।
সোমবার বাবরের আইনজীবীরা হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময় প্রার্থনা করেন।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নাসির উদ্দিন মাহমুদ তাদের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট অভিযোগ গঠনের নতুন তারিখ দেন।
এ নিয়ে মামলাটির অভিযোগ গঠন চারবার পেছানো হল।
গত ১৪ ফেব্র"য়ারি জাতীয় রাজস্ব বোর্ডের কোম্পানিজ সার্কেল ৯, কর অঞ্চল ৩ এর উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এ মামলা দায়ের করেন।
২ মার্চ ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বসিরউল্লাহ ১১ মার্চ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে মামলার নথি ৫ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।
১১ মার্চ বাবরের নতুন আইনজীবী শরফুদ্দিন আহমেদ খান মুকুল অভিযোগ গঠনের শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাননি বলে সময় চান।
বিচারক নাসির উদ্দিন মাহমুদ আবেদন মঞ্জুর করে ১১ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন। এরপর তিনি আবারো নতুন তারিখ রাখেন ২৫ মে এবং এরপর ৫ জুলাই।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত মাস্টার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে বাবর আয়কর বিবরণীতে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই পরিমাণ টাকার উপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এখন হাসপাতাল কারাগারে রয়েছেন।
মামলায় বাদীপক্ষে ৯ জন সাক্ষী আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২২১৯ ঘ.
bdnews24