ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় ১৬২ টি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আরো পাঁচজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬২ টি কেন্দ্রে ১৪ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইলের ৩ জন, কুড়িগ্রামের ২ জন, রাজশাহীর ২ জন, ময়মনসিংহের ২ জন, চট্টগ্রামের একজন, কিশোরগঞ্জের একজন, বরগুনার একজন, পিরোজপুর একজন ও সিরাজগঞ্জের একজন। মোট পরীক্ষা কেন্দ্র ৫৮৫ টি।
এছাড়া ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজে ৫ জন ভুয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করে।
এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ২ লাখ ৬৪ হাজার ৪০১ জন। পরীক্ষার প্রথম দিন ইংরেজী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ২৫ হাজার পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১০০ ঘ.
bdnews24