২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্ত্র ও পোশাকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতার মুখে ভারত

বাংলাদেশের বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতীয় ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

নয়া দিল্লি প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতীয় ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে। সোমবার ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের বস্ত্র রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে কঠোরতর প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ইইউ বাজারে ভারতীয়দের চেয়ে ভালো করছে জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি হারের এই ব্যবধান বেড়েই যাচ্ছে। ২০০৯ সালে ইইউ বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তিন দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। এ সময় প্রতিদ্বন্দ্বি চীন, তুরস্ক এবং ভারতের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। বাংলাদেশ ও ভারতে উৎপাদিত বস্ত্রের একটি বড় অংশই রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই দুটি বাজারে ভারতের দুই তৃতীয়াংশ বস্ত্র ও পোশাক রপ্তানি হয়। ভারতের ব্যবসায়ীদের র্শীষ সংগঠনটির ওই প্রতিবেদনে দেশটির বস্ত্র ও পোশাকের রপ্তানি পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইওরোপীয় ইউনিয়নে পোশাক ও বস্ত্র রপ্তানিতে ভারতের অবস্থান ২০০৯ সালের মতোই কমে গেছে। তবে বস্ত্র রপ্তানিতে ইইউ বাজারের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় রপ্তানিকারকরা কঠোরতর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে। বিশ্বমন্দা সত্ত্বেও ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বস্ত্র ও পোশাক রপ্তানিতে ভারতের তুলনায় বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম ভালো অবস্থান ধরে রেখেছে। ভারতের বস্ত্রমন্ত্রী দয়ানিধি মারান জানান, আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক ও বস্ত্রখাতে প্রযুক্তির আধুনিকায়নে সরকার বিশেষ গুরুত্ব দেবে। ভারতের দক্ষিণাঞ্চলীয় নগরী ব্যাঙ্গালোরের কাছে দদবল্লাপুরে ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কস (এসআইপিটি) স্কিমের আওতায় একটি পার্কের উদ্বোধন শেষে তিনি বলেন, "বিশ্ববাজারে বস্ত্র শিল্প ও এর বাণিজ্যের পরিবেশে টিকে থাকার প্রধান শর্ত হচ্ছে প্রযুক্তি ও এর উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন।" এফআইসিসির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও ইইউ'র বাজারে ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানি হার প্রায় ১১ শতাংশ পড়ে যায়। তবে এখনো উভয় মার্কেটেই ভারতের রপ্তানিহার ০.১৭ শতাংশ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের তুলনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং চীন থেকে বস্ত্র আমদানি কিছুটা কমে গেছে বলে জানিয়েছে সংগঠনটি। বিশ্বমন্দার সময়ে ২০০৮-২০০৯ সালে যুক্তরাষ্ট্রের বস্ত্র বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার রপ্তানি হার কিছুটা বেড়ে যেতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ভারত থেকে আমদানির হার বাড়ে ০.১৭ শতাংশ। একই সময় বাংলাদেশ থেকে আমদানি হার বাড়ে ০.৫ শতাংশ, ইন্দোনেশিয়া থেকে ০.৪ শতাংশ ও চীন থেকে ০.৬৭ শতাংশ। তবে পোশাক ও বস্ত্র রপ্তানি মিলিয়ে ২০০৯ সালে ভারতকে ছাড়িয়ে যায় ভিয়েতনাম। এফআইসিসিআই জানায়, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানির হার প্রতি বছর ৪.২ শতাংশ হারে বেড়েছে। এ সময় বাংলাদেশের রপ্তানি হার বেড়েছে ১১.৫ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে চীনের বস্ত্র ও পোশাক রপ্তানির হার ছিল ১৫.৩ শতাংশ, ভিয়েতনামের ১৪.৫ শতাংশ ও ইন্দোনেশিয়ার ৮.৯ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতের পোশাক রপ্তানিহার ৬.৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৭.২ শতাংশ। এ সময় বাংলাদেশের রপ্তানিহার বাড়ে ৭.৫ শতাংশ থেকে ৮.৯ শতাংশ। চীনের রপ্তানি হার ৪২.৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৪৪.৭ শতাংশ। তবে তুরস্কের রপ্তানি হার ১২.৭ শতাংশ থেকে কমে দাঁড়ায় ১২.২ শতাংশ। সংগঠনটি জানায়, বস্ত্র খাতে ইইউ বাজারে ভারতের রপ্তানি হার চীন, তুরস্ক ও পাকিস্তানের তুলনায় অনেক বেশি পড়ে যায়। ইইউ বাজারে এ সময় ভারতের বস্ত্র রপ্তানির হার কমে ১৫.৭ শতাংশ। এ সময় চীনের রপ্তানিহার কমে যায় ১২.৯ শতাংশ, তুরস্কের ১৫.৩ শতাংশ ও পাকিস্তানের ৯.৮ শতাংশ। ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে ইইউ বস্ত্রবাজারে পাকিস্তানের রপ্তানিহার কিছুটা বেড়ে যায়। তবে এ সময় ভারত, চীন ও তুরস্কের রপ্তানিহার কমে যায়। এফআইসিসিআই'র প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে ইইউ বাজারে বাংলাদেশ থেকে আমদানির হার ছিল ৬.২ শতাংশ যা ভারতের আমদানি হারের প্রায় সমান। ২০০৮ সালে ইইউ বাজারে বাংলাদেশ থেকে আমদানির হার ছিল ৭.৫ শতাংশ ও ভারত থেকে আমদানির হার ছিল ৬.৮ শতাংশ