২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় তিন খুন

বগুড়া ও গোপালগঞ্জে এক মহিলাসহ তিনজন খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 01:21 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া ও গোপালগঞ্জে এক মহিলাসহ তিনজন খুন হয়েছে। এর মধ্যে বগুড়ার গাবতলী ও শিবগঞ্জ উপজেলায় খুন হয়েছে দুজন। সোমবার তাদের লাশ উদ্ধার করা হয়। গোপালগঞ্জে সদর উপজেলার ভেড়ারহাটে পারিবারিক কলহের জের ধরে রোববার এক গৃহবধূকে কুপিয়ে জখম করে তার স্বামী। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া: গাবতলী উপজেলার আটবারিয়া গ্রাম থেকে আমিনুর রহমান রঞ্জু (৩৮) ও শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় এলাকা থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রঞ্জুর বড় ভাই তারাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া শহরে রঞ্জুর একটি ছাপাখানা রয়েছে। রোববার রাতে রঞ্জু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সকালে আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। গাবতলী থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে আমিনুর রহমান রঞ্জুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাই তারাজুল বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয় লোকজন মহাস্থান গড়ের পাশে একটি জমিতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। যুবকের পরনে খয়েরি রং এর হাফ হাতা গেঞ্জি ও কালো ফুল প্যান্টস ছিল। রোববার রাতে কোনো এক সময় দুর্বত্তরা তাকে গলা টিপে হত্যা করে ফেলে রেখে গেছে। তার গলায় নখের চিহ্ন রয়েছে বলে জানান এসআই। গোপালগঞ্জ: সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে রোববার সকালে জাকির তার স্ত্রী পারভীন বেগমকে (৩৪) কুপিয়ে জখম করেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন জাকিরকে আটক করে পুলিশে দেয়। পারভিনকে খুলনা সদর হাসপাতালে ভর্তির করার পর সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১৭ ঘ.